আগস্ট ১৩, ২০২৬
Busimess

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধাসহ পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার (১২ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার, সদস্য সাগর খান এবং মির্জা গোলাম রায়হানকে তাঁদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গতকাল বুধবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাজধানীর নিউ মার্কেট এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন আহত হন। এই সংঘর্ষের ঘটনার জের ধরেই পাঁচ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ঘটনার সময় উপস্থিত না থেকেও শাস্তির মুখোমুখি হতে হয়েছে বলে দাবি করেছেন বহিষ্কৃত নেতা ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধা।

নিজের বক্তব্য তুলে ধরে জুলহাস মৃধা বলেন, "সংঘর্ষের সময় আমি দুর্ঘটনাস্থলে ছিলামই না, ওই সময় আমি পুরান ঢাকায় অবস্থান করছিলাম। নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব চঞ্চলের নেতৃত্বে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে চঞ্চলের লোকজনের সংঘর্ষ বাধে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত ও আহত হওয়ার ছবি দেখে আমি ঘটনাস্থলে যাই। তবে আমি যখন পৌঁছাই, ততক্ষণে সংঘর্ষ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল।"

জুলহাস মৃধা আরও জানান, পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণ করতে তাঁর পাশাপাশি ঢাকা কলেজ ছাত্রদলের বর্তমান আহ্বায়কও সেখানে উপস্থিত ছিলেন।