সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের প্রয়োজন নেই বলে জোর দিয়েছেন এবং ইরান ও যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে আহ্বান জানিয়েছেন।
ইরানি ও মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শুক্রবার তুরস্কে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই সতর্ক করে বলেছেন, “বড় বড় মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে যাচ্ছে; যদি ভালো চুক্তি না হয়, তাহলে খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে।”
উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী দেশ ইউএই-এর প্রেসিডেন্ট উপদেষ্টা আনোয়ার গারগাশ দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে বলেছেন, “এই অঞ্চল ইতিমধ্যেই বহু ভয়াবহ সংঘাতের মধ্য দিয়ে গেছে। আমাদের আরেকটি সংঘাতের দরকার নেই। আমি চাই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হোক এবং এমন বোঝাপড়া তৈরি হোক, যাতে প্রতিদিন এই ধরনের সংকট দেখা না দেয়।”
শুক্রবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অংশ নেবেন। এই বৈঠকের মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক উদ্যোগ পুনরুজ্জীবিত করা এবং নতুন কোনো আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা কমানো।
এক আঞ্চলিক কূটনীতিক জানান, সৌদি আরব ও মিশরের মতো দেশগুলোর প্রতিনিধিরাও আলোচনায় অংশ নিতে পারেন। ইউএই-এর এ সতর্ক বার্তা এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আশা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে।







