জুলাই–আগস্ট আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলা ও সাতজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। মামলাটিতে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন আসামি রয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল কারাগারে রয়েছেন। সাবেক এমপি সাইফুল ইসলামসহ আরও আটজন আসামি পলাতক রয়েছেন বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।
এর আগে গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ মামলাটিতে ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট ছয়জনকে হত্যার পর তাঁদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। ওই ঘটনায় একজন ব্যক্তি তখনও জীবিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পাশাপাশি ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরেকজনকে গুলি করে হত্যার অভিযোগও আনা হয়েছে।