আগস্ট ১৩, ২০২৬
Busimess

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে গত কয়েক দিন ধরে রাজনৈতিক মহলে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। দলীয় সূত্রগুলো বলছে, আজ দুপুর ১২টায় দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকেই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।

সচিবালয়, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের যেকোনো একটিতে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

এর আগে গত ১০ আগস্ট অনুষ্ঠিত স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের একক দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছিল।

দলীয় ও রাজনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা আভাস দিয়েছেন, মির্জা ফখরুলই শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন। তবে গতকাল বুধবার পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আজকের বৈঠকে চেয়ারম্যানের পক্ষ থেকে প্রার্থীর নাম চূড়ান্তভাবে জানানো হবে। বৈঠকে প্রার্থীর স্বাক্ষর নেওয়া হবে এবং প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য একটি প্রতিনিধিদল পাঠানো হবে।’

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন। এরপর আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের প্রস্তুতি হিসেবে গত রবিবার বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ ও দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেছিলেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দল ও জোটের তৎপরতাও লক্ষ করা যাচ্ছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোট ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার তাঁরও মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।