রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক কাদের গনি চৌধুরী। তিনি বর্তমান এমডি সাংবাদিক কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হলেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বর্জন করতে হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কাদের গনি চৌধুরী বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবেও যুক্ত আছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বাসসের বিদায়ী এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ ২০২৬ সালের এপ্রিল মাসে এ পদে যোগদান করেছিলেন। এখন তার স্থলাভিষিক্ত হয়ে নতুন দায়িত্ব পালন করবেন কাদের গনি চৌধুরী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শীঘ্রই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।