সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (০৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতরা একটি যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পাওয়ার পর জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা নিহতদের পরিচয় শনাক্ত ও বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ শুরু করেছেন। এ জন্য তারা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।
