অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশী নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি দেশটির এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল পৌনে আটটায় পার্থের 'ইন্ডিয়ান ওশান ড্রাইভ' এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্যটি নিশ্চিত করেছে।
বাংলাদেশ হাইকমিশন ওই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম ‘সেভেন নিউজ’-এর প্রতিবেদন সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় দ্রুতগতির একটি বিএমডব্লিউ প্রাইভেট কারের সামনের আসনে বসা ছিলেন ঐশী। চলন্ত অবস্থায় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাড়িটিতে থাকা অন্য তিন যাত্রী প্রাণে বেঁচে যান।
