যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা অবস্থায় তাকে ঘিরে আক্রমণাত্মক স্লোগান দেন ও নানা অভিযোগ তোলেন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তার ওপর চরম ক্ষোভ উগরে দিতে দেখা যায় উপস্থিত প্রতিবাদকারীদের।
স্থানীয় সময় গতকাল সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি অবতরণের কথা থাকলেও তা ৩৫ মিনিট দেরিতে, অর্থাৎ ৩টা ২৫ মিনিটে পৌঁছায়। এরপর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসা ড. ইউনূসকে লক্ষ্য করে কয়েকজন উচ্চস্বরে চিৎকার করছেন। এ সময় তাকে উদ্দেশ্য করে ‘ইউ আর আ টেররিস্ট’ (আপনি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ (আপনি কেন এখানে এসেছেন)—এমন মন্তব্য করতে শোনা যায়।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার জানান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর নেতৃত্বে বিমানবন্দরে বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল ও যুবলীগ নেতা সাগরসহ অনেকে।
