নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা শেষেই সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে জয়লাভের পর তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় দুই নেতা কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।
বিপুল ভোটে বিজয়ী হওয়ার পরপরই শুক্রবার (৩০ অক্টোবর) মির্জা ফয়সল আমিন দেলাওয়ার হোসেনের বাসায় যান। সেখানে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেন, "এই ঠাকুরগাঁও আমাদের সবার। এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।" তিনি উন্নয়নমূলক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করার পাশাপাশি কোনো ভুলত্রুটি হলে তা ধরিয়ে দেওয়ার অনুরোধ জানান।
অন্যদিকে, জামায়াতের পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন নবনির্বাচিত সংসদ সদস্যকে সাধুবাদ জানান এবং ঠাকুরগাঁওয়ের যেকোনো উন্নয়নমূলক কাজে সর্বাত্মক পাশে থাকার জোরালো আশ্বাস দেন।
নির্বাচনী বৈরিতা পেছনে ফেলে দুই প্রধান রাজনৈতিক নেতার এমন সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
