ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ও ১১-দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। একই সময়ে হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন।
ভোট দেওয়ার পর সন্তোষ প্রকাশ করে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন সাংবাদিকদের বলেন, ‘ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। ফলাফল যা-ই হোক, আমরা হাসিমুখে তা মেনে নেব।’
অন্যদিকে, জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, ‘সকালেই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং আমি নিজেও ভোট দিয়েছি। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কি না, তা বোঝা যাবে। শেষ পর্যন্ত আমরা নির্বাচনের মাঠেই থাকব, ভোট বর্জনের কোনো প্রশ্ন আসে না।’ তবে এ সময় কিছু কিছু কেন্দ্রে তার এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। মোট ১৮৫টি কেন্দ্রে এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
