সূর্যের আলো যেমন হাত দিয়ে ঢাকা যায় না, তেমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার অগ্রযাত্রাও কোনো চক্রান্ত করে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ফতেয়াবাদ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদল, বিশেষ করে হাটহাজারী উপজেলা ও পৌরসভা যুবদল সাহসী ভূমিকা পালন করেছে। শহীদ জিয়ার আদর্শে গড়া এই সংগঠন আগামীতেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো স্বৈরাচারবিরোধী চক্রান্ত মোকাবিলায় রাজপথে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।
পরাজিত শক্তির চক্রান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, ৭১ সালের পরাজিত শক্তি, ২০২৬ সালের ফেব্রুয়ারির পরাজিত শক্তি এবং ২৪ সালের পলাতক শক্তি এক হয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। কিন্তু কোনো চক্রান্ত করেই এই অগ্রযাত্রা থামানো সম্ভব নয়। দেশের কোটি কোটি জাতীয়তাবাদী সৈনিক রাজপথের লড়াই সংগ্রামের মাধ্যমে সব দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফখরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দীন, যুবনেতা মনিরুল আলম জনি এবং ছাত্রনেতা তকিবুল হাসান চৌধুরী তকি।
সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
