ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুরের এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
তিনি জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে এসআরবি-১৩।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঠাকুরগাঁও-১ আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে 'অধিক গুরুত্বপূর্ণ' এবং ৭০টি কেন্দ্রকে 'মধ্যম গুরুত্বপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের আগের দিন ২৮ অক্টোবর থেকে ভোটের পরদিন ৩১ অক্টোবর পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবেন এসআরবি সদস্যরা।
নির্বাচনী নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে টহল পরিচালিত হচ্ছে। এ লক্ষ্যে ছয়টি মোবাইল টহল দল এবং দুটি স্ট্রাইকিং রিজার্ভ টহল দল মাঠপর্যায়ে মোতায়েন করা হয়েছে। এসব দল নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে।
নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সন্দেহজনক বস্তু শনাক্তে নামানো হয়েছে ডগ স্কোয়াড। বিস্ফোরক সংক্রান্ত হুমকি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বোমা ডিসপোজাল ইউনিট। পাশাপাশি ওপর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হবে ড্রোন। আর দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে টহল সদস্যদের দেওয়া হয়েছে বডি-ওর্ন ক্যামেরা।
নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ের জন্য একটি অপারেশনস কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের টহল দলের সঙ্গে যোগাযোগ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পাশাপাশি 'নির্বাচন সুরক্ষা অ্যাপ'-এর মাধ্যমেও পুরো পরিস্থিতি নজরদারিতে রাখা হবে।
লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম বলেন, ‘ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে এসআরবি-১৩ সর্বোচ্চ সতর্ক থাকবে।’
তিনি সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে কোনো সন্দেহজনক বস্তু বা নাশকতার আশঙ্কা দেখা দিলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করেন।
তিনি আরও বলেন, ‘নির্বাচনে দায়িত্ব পালনকারী সদস্যদের পেশাদারত্ব, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।’ সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাইয়ে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সব পক্ষের সহযোগিতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এসআরবি-১৩-এর অধিনায়ক।
