নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির (৩৩) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি হঠাৎ নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরদিন বিকেলে তুরাগ নদে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের পর স্বজনরা গিয়ে তাহসিফ সৌরির মরদেহ শনাক্ত করেন। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
