রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরই সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন। গুলির শব্দ শুনে তাৎক্ষণিকভাবে তিনি নিচে নেমে আসেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ‘দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গাড়িটির পেছনের ডান পাশের কাচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌভাগ্যবশত ওই সময় গাড়িতে কেউ ছিলেন না, তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’
হঠাৎ এমন হামলার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কারা বা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার পর তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য এই সংগীতশিল্পী জানাতে পারেননি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশের তরফ থেকে অভিযোগ করার কথা বলা হলেও, আসিফ আকবর আপাতত বিষয়টি ‘পরে দেখবেন’ বলে জানিয়েছেন। এই ঘটনার পর ওই এলাকায় কিছুটা চাঞ্চল্য ও উদ্বেগ তৈরি হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
