ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও অন্তত চারজন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর তিনটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি এলাকায় ফরিদপুর থেকে ছেড়ে আসা মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক (মাগুরা) থেকে আসা ‘কিং ফিশার’ নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের তিন যাত্রী প্রাণ হারান। এ সময় আহত হন আরও চারজন।
ঘটনার খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শামীম রেজা জানান, খবর পাওয়ার পর পরই তাদের টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
