তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরে দৈনন্দিন অভ্যাসে যে তারাও আর দশটা সাধারণ মানুষের মতোই, আবার তার প্রমাণ দিলেন বলিউড অভিনেত্রী কাজল।
দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর নিজের পরনের শাড়িতেই হাত মুছতে দেখা গেছে তাকে। মুহূর্তটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চর্চা।
ভিডিওতে দেখা যায়, নবমীর সকালে পূজামণ্ডপে মিষ্টি খেতে খেতে আড্ডায় মেতে উঠেছিলেন কাজল। খাওয়া শেষ হতেই কোনো দ্বিধা ছাড়া শাড়ির আঁচলেই হাত মুছে নেন তিনি। বলিউডের প্রথম সারির তারকা হয়েও কাজলের এমন সহজাত আচরণ মন জয় করে নিয়েছে নেটিজেনদের।
বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজল মুম্বাইয়ে বড় হলেও জন্মসূত্রে বাঙালি। মিষ্টি খেয়ে শাড়িতে হাত মোছার এই দৃশ্যে বিশুদ্ধ 'বাঙালিয়ানা'র ছাপ খুঁজে পাচ্ছেন তার ভক্তরা।
এমনিতেই মুম্বাইয়ে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজা ঘিরে বরাবরই থাকে বাঙালিয়ানার আমেজ। পরিবারের অন্যদের মতো কাজলের সাজপোশাকেও তার প্রতিফলন দেখা যায়। নবমীর সকালে নীল রঙের শাড়ি আর উজ্জ্বল হলুদ ব্লাউজে ভক্তদের নজর কাড়েন এই অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য বাক্সে লিখেছেন, কাজলের এই সহজ-সরল রূপ তাকে ‘পাশের বাড়ির মেয়ে’র মতো ফুটিয়ে তুলেছে। কেউ কেউ আবার নিজেদের অভ্যাসের সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন, "এটা তো আমাদেরও নিত্যদিনের অভ্যাস!"
