দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করা এবং দলের নাম ভাঙিয়ে যেকোনো ধরনের চাঁদাবাজি ও অনিয়ম রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতারা।
মঙ্গলবার রাত আটটায় পটুয়াখালী শহরের ‘সুরাইয়া ভিলা’য় ওলামা দলের এক বিশেষ মতবিনিময় সভায় এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
পটুয়াখালী জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ (পান্না)।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে ওলামা সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে ওলামা দলকে সুসংগঠিত করতে নেতা-কর্মীদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব ও পরিকল্পনা আহ্বান করেন তিনি। এ সময় স্থানীয় মানুষের সুপেয় পানির সংকট নিরসনের আশ্বাস দিয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কেন্দ্র থেকে ইতিমধ্যে পাঁচ হাজার নতুন নলকূপের (টিউবওয়েল) বরাদ্দ চাওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন। খুব দ্রুতই এসব নলকূপ স্কুল, কলেজ, মসজিদ, হাটবাজারসহ জনবহুল এলাকা ও বাড়ি বাড়ি সরবরাহ করা হবে।
দলের ভেতরে থাকা বিশৃঙ্খলাকারীদের সতর্ক করে দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে মাকসুদ আহমেদ বায়েজিদ বলেন, সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে নতুন করে সাজাতে হবে। বিগত দিনে দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়ম করেছে, তিনি তার তীব্র প্রতিবাদ জানান।
সভায় ওলামা দলের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠনকে আরও স্বচ্ছ করার ওপর জোর দেন। জেলা ওলামা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন, কেন্দ্রীয় ওলামা দলের নেতা আবুল কালাম আজাদ, পৌর ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্যে বলেন, আলেম-ওলামারা সব সময় সম্মান ও মর্যাদার সঙ্গে কাজ করতে চান। দলের ভেতরে কোনো ধরনের অপকর্ম বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে আলতাফ হোসেন চৌধুরীর বিজয়ের পেছনে কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি কাজী মাওলানা সেলিম রেজা ও সদস্যসচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেনসহ অন্য নেতাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে।
এর আগে জেলা ওলামা দলের নেতা মাওলানা শাহাদাত হোসেনের ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়। সভায় পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ ও দশমিনা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকার সার্বিক উন্নয়ন, অর্থনীতি পুনরুদ্ধার এবং দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
