ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কারসাজির অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে মোট ৭৩ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জরিমানা প্রাপ্তরা হলেন— আবু তাহের শিকদার, তার স্ত্রী উম্মা সালমা নিপা এবং শ্যালক এস এম শাহেদ শাকিল। তাদের বিরুদ্ধে কৃত্রিম লেনদেন সৃষ্টি ও ধারাবাহিক লেনদেনের মাধ্যমে শেয়ারের দর কৃত্রিমভাবে বাড়ানোর প্রমাণ পাওয়া গেছে।
সম্প্রতি বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করে।
বিএসইসির তদন্তে দেখা যায়, ২০২৫ সালের ১ জুন থেকে ২৮ আগস্ট পর্যন্ত সময়কালে তিন বিনিয়োগকারী বিভিন্ন বিও হিসাব ও একাধিক ব্রোকারেজ প্রতিষ্ঠানের মাধ্যমে কোম্পানিটির শেয়ার লেনদেন করেন। এ সময়ে তারা সম্মিলিতভাবে ২৭ কোটি ৬২ লাখ টাকার ৫১ লাখ ২২ হাজার ৬৯৩টি শেয়ার কেনেন এবং ২৪ কোটি ৪৫ লাখ টাকার ৪৪ লাখ ৬ হাজার ১০৯টি শেয়ার বিক্রি করেন।
তদন্তে উঠে আসে, এই লেনদেনের মাধ্যমে তাদের প্রকৃত ও অবাস্তবায়িত মূলধনি মুনাফার পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৭৫ লাখ টাকার বেশি।
শুনানিতে অভিযুক্তরা শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় বিনিয়োগের দাবি করলেও বিএসইসি তা প্রত্যাখ্যান করে। কমিশনের পর্যবেক্ষণে বলা হয়, একই পরিবারের সদস্যদের হিসাব থেকে একই সময়ে বিপরীতমুখী আদেশ দেওয়া এবং ধারাবাহিক লেনদেনের ঘটনা কাকতালীয় হতে পারে না।
সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে বিএসইসি আবু তাহের শিকদারকে ৫৩ লাখ ২৫ হাজার টাকা, উম্মা সালমা নিপাকে ৫ লাখ টাকা এবং এস এম শাহেদ শাকিলকে ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া কৃত্রিম লেনদেন দেখানোর দায়ে প্রত্যেকের ওপর আলাদাভাবে ১ লাখ টাকা করে অতিরিক্ত জরিমানা আরোপ করা হয়।
