শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির দিনে রাজধানীর নিউমার্কেট এলাকায় জমে উঠেছে কেনাকাটা। শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকেই নিউমার্কেট ও আশপাশের বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।
পূজার আনন্দ ভাগাভাগি করতে নতুন পোশাক কেনার পাশাপাশি পরিবারের সদস্য ও স্বজনদের জন্য উপহারসামগ্রী কিনছেন অনেকে। ছুটির দিনে বাড়তি ক্রেতার উপস্থিতিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা।
ক্রেতারা জানান, পূজার ঠিক আগমুহূর্তে নিউমার্কেট এলাকায় ভিড় ও যানজটের কারণে কেনাকাটায় ভোগান্তি পোহাতে হয়। শেষ মুহূর্তের চাপ এড়াতেই ছুটির দিনকে কাজে লাগিয়ে আগেভাগে পরিবার নিয়ে বাজারে এসেছেন অনেকে।
নিউমার্কেটের মূল বিপণিবিতানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতে বেচাকেনা জমে উঠেছে। বিভিন্ন দামের পোশাক থাকায় নিজের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন ক্রেতারা। দাম তুলনামূলক কম হওয়ায় ফুটপাতের দোকানগুলোতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে।
কেনাকাটা করতে আসা দীপ্তি বিশ্বাস বলেন, ‘কিছুদিন পরই পূজা। শেষ মুহূর্তে ভিড় বাড়ে, তাই আগেই কেনাকাটা করতে এলাম। এখন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যাচ্ছে।’ গ্লোব শপিং মার্কেটের বিক্রেতা আমানুর বলেন, ‘ছুটির দিনে এমনিতে ভিড় থাকে, তার ওপর পূজা। কেনাকাটা ভালোই হচ্ছে, আমরা আশাবাদী।’
সব মিলিয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে নিউমার্কেট এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তবে ক্রেতা সমাগম বাড়ায় সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেতমুখী সড়কে তৈরি হয়েছে যানজট। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে।
