হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়াম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা ছাড়পত্রের জন্য চারটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্য থেকেই টার্মিনালটির জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি দ্বিতীয় যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর নির্বাচন করা হবে।
বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান জানান, মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো—যুক্তরাজ্যভিত্তিক মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং এবং সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডানাটা।
প্রতিষ্ঠানগুলোর নাম বেবিচকের কাছে জমা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো নিরাপত্তা বা নিয়ন্ত্রক সংক্রান্ত বাধা আছে কি না, তা পরীক্ষা করে দেখবে কর্তৃপক্ষ। ছাড়পত্র পাওয়ার পর জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত অপারেটর নির্বাচন করবে এবং বেবিচক লাইসেন্স ইস্যু করবে।
প্রস্তাবিত ব্যবস্থার আওতায় নির্বাচিত আন্তর্জাতিক অপারেটর থার্ড টার্মিনালে কেবল যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বিমানের পাশাপাশি কাজ করবে। তবে কার্গো হ্যান্ডলিং একচেটিয়াভাবে জাতীয় পতাকাবাহী সংস্থাটির অধীনেই থাকবে।
শিল্প খাতের তথ্যমতে, মেনজিস ৬৫টি দেশের ৩৪৭টি বিমানবন্দরে, সুইসপোর্ট ৪৯টি দেশের ৩১০টি বিমানবন্দরে, ডানাটা ৩৫টি দেশের ১৪৬টি স্থানে এবং সেলেবি ৫টি দেশের ৬০টির বেশি বিমানবন্দরে সেবা দিয়ে আসছে। এর মধ্যে মেনজিস বাংলাদেশে প্রথম বছরেই ১ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ ও ১ হাজারের বেশি সরাসরি কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাব দিয়েছে।
বেবিচক জানায়, প্রথম ব্যাগেজ ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এবং সব ব্যাগেজ ৪০ মিনিটের মধ্যে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি ভাবা হচ্ছে।
বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ মফিদুর রহমান বলেন, ‘উন্নত প্রযুক্তির সুযোগ-সুবিধার সর্বোচ্চ সুফল পেতে অভিজ্ঞ আন্তর্জাতিক অপারেটর প্রয়োজন, যা দেশের বিমান চলাচল খাতে প্রতিযোগিতা ও সেবার মান বাড়াবে।’
জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি লিমিটেড, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোই ও নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর করপোরেশনকে নিয়ে গঠিত জাপানি কনসোর্টিয়াম শিগগিরই থার্ড টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে।
