আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা তাদের চাহিদা অনুযায়ী জমানো টাকা তুলতে পারবেন। এ লক্ষ্যে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ব্যাংকের সামগ্রিক দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।
বৈঠকে গভর্নর বলেন, ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য সংকট এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে না পারার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।
এ সময় আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখা এবং ব্যাংকটির সার্বিক কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন গভর্নর। বিশেষ করে ১৫ অক্টোবর থেকে আমানতকারীরা যাতে প্রয়োজন অনুযায়ী তাঁদের টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
