সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবার (১০ অক্টোবর) এই হামলার খবর নিশ্চিত করেছে বিবিসি।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সৌদি আরবের এবং দুজন বাংলাদেশের নাগরিক। এছাড়া মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক এই হামলায় প্রাণ হারিয়েছেন। ঘটনার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের কার্যক্রম ও বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
এর আগে কয়েকদিন ধরেই হুথি বিদ্রোহীরা রিয়াদের এই প্রধান বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে আসছিল। প্রায় দুই মাস ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও হুথিদের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে, যার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে রিয়াদ বিমানবন্দর। এর আগে সৌদির আকাশসীমা ব্যবহারকারী বিমানসংস্থাগুলোকে সতর্ক বার্তাও দিয়েছিল বিদ্রোহী গোষ্ঠীটি।
গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলা চালানো হয়। গত বৃহস্পতিবার অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকে লক্ষ্য করে চালানো হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বা নিক্ষিপ্ত বস্তু এসে পড়েছে। এই হামলাগুলোর পেছনেও ইরান-সমর্থিত হুথিরা জড়িত বলে ধারণা করা হচ্ছে।
