টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের পর বাসরঘরে অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আয়নাল হক টাঙ্গাইল জেলা শহরে ভাড়া থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন এবং ছোটখাটো একটি ব্যবসা করতেন। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার ছিল। গত জুলাই মাসে তার প্রথম স্ত্রী দুই সন্তানকে রেখে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। এর পর থেকে দুই সন্তানকে লালন-পালন করা নিয়ে চরম হতাশায় ভুগছিলেন তিনি।
পরিবারের চাপ ও আত্মীয়স্বজনের অনুরোধে গত বুধবার রাতে পাশের খামারপাড়া গ্রামের রুবিনা খাতুনকে (২০) দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন। তবে গভীর রাতে বাসরঘরে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন আয়নাল। স্বজনেরা তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
হেমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বলেন, বিয়ের পর নববধূকে বাড়িতে তুলে আনার পর বাসরঘরে এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে।
