রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে গঠিত তদন্ত কমিটি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
উপাচার্য জানান, গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্তে গঠিত ৫ সদস্যের কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে লিখিত এ প্রতিবেদন হস্তগত হয়।
তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশ উল্লেখ করে তিনি বলেন, অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় চারজনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে। তারা হলেন—রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, কর্মী বিশাল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং জিয়া হল সংসদের জিএস আরিফুল ইসলাম।
উপাচার্য আরও জানান, রাকসুর সহসংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম ও কর্মী তানিম রহমানের বিরুদ্ধে আসা অভিযোগ অধিকতর তদন্তের মাধ্যমে ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। এছাড়া ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, শরীফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার কথা বলেছে কমিটি।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। এতে চার সাংবাদিকসহ ১০ জন আহত হন। ঘটনার পর উপাচার্য ফরিদুল ইসলাম ৫ সদস্যের তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
