শ্রেণিকক্ষে নিকাব পরা এক নারী শিক্ষার্থীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের একাডেমিক ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় জরুরি একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, বুধবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) একটি ক্লাসে ঘটনাটি ঘটে। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিষয়টি লিখিতভাবে বিভাগীয় প্রধানকে জানান। এর পরপরই ওই শিক্ষককে সব ধরনের পাঠদান কার্যক্রম থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের একটি লিখিত অভিযোগের ভিত্তিতে জরুরি একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের অভিযোগ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটি রেজল্যুশন নেওয়া হয়েছে। সেই অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকের দায়িত্বে থাকা কোর্সগুলো পুনর্বণ্টন করে অন্য শিক্ষকদের দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়কে জানানো হচ্ছে। ‘প্রয়োজনীয় চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্তৃপক্ষের। বিভাগীয় চেয়ারম্যান বা একাডেমিক কমিটির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই।’
অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এ ধরনের বিষয়ে উপাচার্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিভাগ থেকে পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।
