বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস

অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলে ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা

Writer
সিডনি প্রতিনিধি
09 Sep, 2026 11:38 AM 2 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। গত মঙ্গলবার কাউন্সিলের সাধারণ সভায় (অর্ডিনারি কাউন্সিল মিটিং) তাঁকে এই পদে নির্বাচিত করা হয়। একই সভায় মেয়র নির্বাচিত হয়েছেন ভিন্স ফেরেরি।

মঙ্গলবারই ক্যামডেন কাউন্সিল কর্তৃপক্ষের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নতুন মেয়র ও ডেপুটি মেয়রকে অভিনন্দন জানানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন এলিজা রহমান। দায়িত্ব নেওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যা সমাধান, কমিউনিটির অংশগ্রহণ বাড়ানো এবং বহুসাংস্কৃতিক সমাজের প্রতিনিধিত্ব করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।

ক্যামডেনের বিভিন্ন কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়াতেও কাজ করছেন এলিজা। তিনি বর্তমানে কাউন্সিলের মাল্টিকালচারাল রেফারেন্স গ্রুপের কাউন্সিলর সদস্য। এর পাশাপাশি সিনিয়রস রেফারেন্স গ্রুপ ও ইভেন্টস রেফারেন্স গ্রুপের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন তিনি।

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, দেশটির বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি বংশোদ্ভূতদের নেতৃত্বের অগ্রযাত্রায় এলিজার এই নতুন দায়িত্ব গ্রহণ একটি বড় মাইলফলক। এর মধ্য দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশিদের অবস্থান আরও সুদৃঢ় হলো।

তবে ক্যামডেনের স্থানীয় বাসিন্দাদের মতে, ডেপুটি মেয়র হিসেবে এলিজা রহমানের কাঁধে এখন আগের চেয়ে আরও বড় দায়িত্ব। বিশেষ করে এলাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, আবাসন, পরিবহন, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং স্থানীয়দের জীবনযাত্রার মানোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁকে এখন জোরালো ভূমিকা রাখতে হবে।

ট্যাগ: প্রবাস