ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ কর্মসূচির কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, যমুনা এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবেরসহ কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।
ইনকিলাব মঞ্চ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংগঠনটির দাবি, জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে তাদের ওপর হামলা চালানো হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এদিকে আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, তিনি নিজেও আহত হয়েছেন। সেখানে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আপাতত জমায়েত না করার এবং চিকিৎসা শেষে পুনরায় কর্মসূচিতে ফেরার কথা বলা হয়।
তবে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিনজন আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নন।
উল্লেখ্য, হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আবদুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে।