বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে আগে গণভোটে ‘হ্যাঁ’ এবং পরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এই নির্বাচন শুধু একটি দলের নয়; এটি দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। বিগত সময়ে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজির কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন সরকারের মাধ্যমে এসব অনিয়ম বন্ধ করা হবে।”
তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের সবচেয়ে বঞ্চিত ও নির্যাতিত অঞ্চলে উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। নদীভাঙন, বঞ্চনা ও সামাজিক বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। অপরাধ, মিথ্যা মামলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
জামায়াত আমির নতুন বাংলাদেশের যাত্রা শুরু করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের সব অঞ্চলে ন্যায় ও সমতার ভিত্তিতে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়া হবে।
সমাবেশ শেষে তিনি জোট প্রার্থীদের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন এবং ভোটারদের ঐক্যবদ্ধভাবে জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
জনসভায় উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, পটুয়াখালী-১ আসনের এবি পার্টির প্রার্থী ডা. আব্দুল ওহাব মিনার, পটুয়াখালী-২ আসনের জামায়াত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ আসনের প্রার্থী অধ্যাপক শাহ আলম, খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিনসহ জোটের নেতৃবৃন্দ।
সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।