শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং পড়ালেখায় কাঙ্ক্ষিত মনোযোগ বাড়াতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ।
রবিবার (২৫শে অক্টোবর) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লাউতলি শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নবিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান। যৌথ সঞ্চালনায় ছিলেন গিয়াস উদ্দিন ও মফিজুল ইসলাম। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ বলেন, “শিক্ষার প্রকৃত মান নিশ্চিত করতে একক চেষ্টার বদলে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়ালেখায় মনোনিবেশ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন জনগণকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত ও পরিবেশগত উন্নয়নে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। সবার ঐকান্তিক প্রচেষ্টাই শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি ছিলেন মাওলানা মন্নান, রহিম জমদার, নুরু পাটওয়ারী, ফারুক আমিন, খোরশেদ আলম, মাসুদ মেম্বার, সুমন জমদার, টিপু পাটওয়ারী, গিয়াস উদ্দিন চৌধুরী, সোহাগ চৌধুরী, কামাল হাজী, জুয়েল হাজী, আফজাল হাজী ও রাছেল জমদার প্রমুখ।
সভায় উপস্থিত স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখা এবং সার্বিক উন্নয়নে নিজস্ব মতামত তুলে ধরেন।
