চাঁদপুরের মতলব উত্তরে আট বছরের এক শিশু কন্যাকে পাশবিক ধর্ষণের অভিযোগে শওকত আলী ছৈয়াল (৬৪) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার একটি গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি বাড়ি থেকে তার বাবার স্থানীয় দোকানে পেঁপে পৌঁছে দিতে যায়। বাবার দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে পথরোধ করে শওকত আলী। পরে নির্জন স্থানে থাকা একটি পরিত্যক্ত ভাঙা ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। নির্যাতন শেষে ভীতিগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।
ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী পরিবার মতলব উত্তর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করে। মামলা নথিভুক্ত হওয়ার পর পরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শওকত আলী ছৈয়ালকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, “শিশুকে ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগে মামলা রুজু করে অভিযুক্ত শওকত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।”
