জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হলেও সিলেট বিভাগের সড়ক ও মহাসড়কগুলোতে থামানো যাচ্ছে না রক্তক্ষয়ী দুর্ঘটনা ও অকাল প্রাণহানির মিছিল।
‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির সংগৃহীত তথ্য ও মাসিক পরিসংখ্যান প্রতিবেদন অনুযায়ী—চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিগত ৯ মাসে সিলেট বিভাগের চার জেলায় মোট ২৬৫টি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮৮ জন এবং মারাত্মক আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অন্তত ৬৩০ জন।
প্রতিবেদনের পরিসংখ্যানে দেখা যায়, গত ৯ মাসের মধ্যে জানুয়ারিতে ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২ জন, মার্চে ৩২ জন, এপ্রিলে ১৫ জন, মে মাসে সর্বোচ্চ ৫১ জন, জুনে ২৯ জন, জুলাইয়ে ৩১ জন, আগস্টে ৪৭ জন এবং সেপ্টেম্বরে ২৬ জনের অকাল মৃত্যু হয়েছে। শুধু মে ও আগস্ট—এই দুই মাসেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯৮ জন।
পরিবহন বিশেষজ্ঞদের মতে, মহাসড়কে যানবাহনগুলোর বেপরোয়া গতি, অবৈধ ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক নিয়মনীতি না মানা, দূরপাল্লার চালকদের অনিয়ন্ত্রিত ক্লান্তি-অসতর্কতা এবং ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় যানবাহনের মুক্ত বিচরণের কারণেই বিভাগে দুর্ঘটনা ও প্রাণহানি ক্রমান্বয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে।
এ বিষয়ে দ্রুত কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু।
অন্যদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে সচেতনতামূলক সভা আয়োজন এবং সড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে ট্রাফিক আইন কঠোরভাবে অনুসরণের ওপর জোর তাগিদ দিয়েছেন।
এদিকে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নিসচা জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২শে অক্টোবর) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াতের পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল মুহিত দিদার, নিসচা জেলা সহ-সভাপতি আহমদ জাকারিয়া, আব্দুর রহমান, আব্দুল হাছিব ও সদস্য শরীফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবু জাবের ও রাজিব ঘোষ, অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, আইন বিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. মাজিদুর রহমান, যুব বিষয়ক সম্পাদক জাহেদুল আলম রাফি, সদস্য সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, ফুয়াদ বিন রশীদ, আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, শরিফ গাজী ও নূর কালামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
