বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে বান্দরবান রাজার মাঠে কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি।
এ সময় তিনি বলেন, ‘বান্দরবানের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগামী ২১ অক্টোবর পর্যন্ত প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।’
চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে রেঞ্জ ডিআইজি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং উৎসব সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ ও বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে রাজার মাঠ মণ্ডপে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম চলবে। ক্যাম্পে চর্ম, চক্ষু, দন্ত ও মেডিসিনসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবাদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করছেন।
