স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই এবং বিদ্যমান আইন অনুযায়ীই তারা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা যেভাবে আগে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখনো সেভাবেই অংশ নিতে পারবেন। আইনি প্রক্রিয়ায় কোনো নতুন সমাধান না আসা পর্যন্ত আগের নিয়মই বহাল থাকবে। এ বিষয়ে বিকল্প কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি।
একটি সুষ্ঠু ও সুন্দর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের আশা করা যায়। সরকারের কাজের মাধ্যমেই এর প্রমাণ পাওয়া যাবে। এ নিয়ে সর্বস্তরের মানুষকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সম্পূর্ণ আইনি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই সারা দেশে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি।
বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, বিরোধিতার খাতিরেই বিরোধী দল বিভিন্ন বিষয়ে সমালোচনা করছে। রাজনীতি টিকিয়ে রাখতে তাদের কোনো না কোনো বিষয় সামনে আনতে হয়। সরকার ভালো যাই করতে যাক, তারা তার বিরোধিতা করবেই। তবে সরকার এতে কান দিচ্ছে না।
মাদক আস্তানায় অস্ত্র হাতে ইশরাক হোসেনের অভিযানের প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থি কাজ করে, তবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে মন্ত্রী ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
পিটিআই ভবনের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
