ভাষা শহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজনসংক্রান্ত বিষয়ে প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও সচিব ইয়াসমিন বেগম।
মতবিনিময় সভায় উপস্থিত প্রকাশক প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা আয়োজনের সময়সীমা নির্ধারণ করা হয়।
