সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় এবার দেশটির সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানতে চান পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।
বৈঠকে পররাষ্ট্র সচিব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের পুরো বিচার প্রক্রিয়ার বিস্তারিত সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চান। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে পুনর্ব্যক্ত করে ঢাকা। একই সঙ্গে বিদেশে অবস্থানকালে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব নিয়েও উভয়পক্ষের আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে গতকাল শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের জানান, সৌদি আরবে একজন বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে দেশটির সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিবেদন পায়নি সরকার। তিনি ঘটনাটিকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, চলতি মাসের ১৪ তারিখ বাংলাদেশ মিশন জানতে পারে যে সৌদি আরবের আইন অনুযায়ী দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিষয়টি জানার পরপরই বাংলাদেশ মিশন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অবহিত করে এবং পরবর্তী প্রয়োজনীয় তথ্য চেয়ে যোগাযোগ অব্যাহত রাখে।
উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে জানা যায়, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে দেশটি নজরুল ইসলাম ও সিটি আখতার নামে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গাল্ফ নিউজ জানিয়েছে, অপরাধের ভয়াবহতা, স্থান ও বিষয়ের গুরুত্ব বিবেচনা করেই সেখানকার আদালত এই সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছেন।
