বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে দুই লাখ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার রাতে ও রোববার ভোরে উপজেলার ঘুমধুম এবং বাইশফাড়ী সীমান্ত এলাকায় ৩৪ বিজিবি-র দল এসব অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইসলাম (২৫) ও মোজিবুল্লাহ (২৩)। বিজিবি জানায়, তারা দুজনেই রোহিঙ্গা নাগরিক।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঘুমধুম সীমান্তের ৩২ নম্বর পিলার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ ওই দুই তরুণকে হাতেনাতে আটক করা হয়।
পরের দিন রোববার ভোরে বাইশফাড়ী সীমান্তে পৃথক এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবির টহল দল।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘বিজিবি সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
