• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম

জামায়াত দলের জন্য নয়, দেশের স্বার্থে নেতা নির্বাচন করে: ডা. তাহের

রির্পোটার / ১০ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. ছৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী কোনো দলীয় স্বার্থে নেতা নির্বাচন করে না; বরং দেশের স্বার্থ, জনগণের কল্যাণ ও জাতীয় উন্নয়নের লক্ষ্যেই নেতা নির্বাচিত করে থাকে।

বৃহস্পতিবার কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এএইচএম হামিদুর রহমান আজাদের পক্ষে আয়োজিত দাঁড়িপাল্লার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুতুবদিয়ার বড়ঘোপ সৈকতে অনুষ্ঠিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল।

ডা. তাহের বলেন, কক্সবাজার-২ আসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। কুতুবদিয়া ও মহেশখালীর উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং সম্ভাবনাময় এই অঞ্চলকে এগিয়ে নিতে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন। সে কারণেই হামিদুর রহমান আজাদের মতো একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানো জরুরি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতিতে নয়, বরং ন্যায়ভিত্তিক সমাজ ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের আমানত রক্ষায় সৎ ও যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে দেশে চাঁদাবাজি, দখলবাজি ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটবে। পাশাপাশি কুতুবদিয়া-মহেশখালীতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

জনসভায় সভাপতিত্ব করেন কক্সবাজার-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এএইচএম হামিদুর রহমান আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামীর মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, জেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, উপজেলা জামায়াতের আমির আ স ম শাহরিয়ার চৌধুরীসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা সবাই কুতুবদিয়া ও মহেশখালীর সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও