চলতি বছর সৌদি আরবে শীত মৌসুমে পবিত্র রমজান মাস পালিত হওয়ায় রোজার সময়কাল তুলনামূলকভাবে কম হবে। জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে এবারের রমজানে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে।
সৌদি আরবের খ্যাতনামা জ্যোতির্বিদ আবদুল্লাহ আল-মোসনেদ জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের রমজান শীতকালে শুরু হওয়ায় দিনের দৈর্ঘ্য স্বাভাবিকভাবেই কম থাকবে। ফলে সাম্প্রতিক কয়েক বছরের তুলনায় এবারের রোজা পালনে মুসলমানদের জন্য স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে।
তিনি বলেন, গত কয়েক বছর রমজান গ্রীষ্মকালে হওয়ায় দিনের দৈর্ঘ্য ছিল দীর্ঘ এবং তীব্র গরমের কারণে রোজা পালন অনেকের জন্য শারীরিকভাবে কষ্টকর হয়ে উঠেছিল। তবে ২০২৬ সালে রমজান শীত মৌসুমে পড়ায় সেই ভোগান্তি অনেকটাই কমবে।
বিশেষজ্ঞদের মতে, কম সময়ের রোজা ও তুলনামূলক শীতল আবহাওয়া ইবাদতে মনোযোগ বাড়াতে সহায়ক হবে। এতে তারাবি, তাহাজ্জুদ ও কিয়ামুললাইলসহ অন্যান্য নফল ইবাদত আদায় আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।







