• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট: পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

রির্পোটার / ৯ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবস্থান স্পষ্ট করেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

পাকিস্তানের এই সিদ্ধান্তের পর দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’ একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে দুটি উদ্ধৃতিও তিনি পোস্ট করেন।

এর আগে বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না। খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অত্যন্ত ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘ভারতের ক্রিকেট-সংক্রান্ত নীতি অগ্রহণযোগ্য। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদেই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছি।’

আইসিসির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই অবস্থান নেওয়া হয়েছে বলে জানান শেহবাজ শরীফ। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশকে বাদ দেওয়ার প্রেক্ষাপটেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পৌঁছেছে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসির বোর্ড সভায় পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। ওই বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও