স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীসালাহউদ্দিন সাহেবঅন্য সব মন্ত্রণালয় নিয়ে পারদর্শী হলেও নিজের মন্ত্রণালয় সামলাতে পারছেন না।’
তিনি বলেছেন, ‘খোদ সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্যই সংসদে বলেছেন, মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে। দিনের বেলা ৫০টি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ভয়াবহ অবনতি ধামাচাপা দিতে সরকার বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে।’
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিরোধীদের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের সরকারি অভিযোগ প্রত্যাখ্যান করে শফিকুর রহমান বলেন, ‘বিএনপি নতুন নতুন মনগড়া বয়ান তৈরি করছে। তারা বলছে, আমরা নাকি পরিত্যক্ত ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলাচ্ছি। অথচ বাস্তবতা হলো-আপনারা নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন। শেখ হাসিনা নিজেই বলেছেন, হাতে-পায়ে ধরে ভোট নিয়ে এখন বেইমানি করা হচ্ছে। তাদের দলের নেতারাও বলেছেন, ৯৫টি আসনে হেরে যাওয়া বিএনপিকে তারা ভোট দিয়ে জিতিয়েছেন। এমনকি নাটোরের সংসদ সদস্য প্রকাশ্যে আওয়ামী লীগকে ধন্যবাদ দিচ্ছেন, অথচ নিজের দলকে ধন্যবাদ দিতে পারছেন না।’
তিনি যোগ করেন, চাঁদাবাজি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিএনপির সাধারণ কর্মীরাও নিজেদের দলের চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না।
