প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে অংশ না নেওয়ার নির্দেশ দিয়ে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দেশে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রদূতের পদে থাকা দাউদ আলীকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে তিনি ইতোমধ্যে টোকিও ছেড়েছেন এবং গত এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন।
আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে জাপান যাওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রদূত দাউদ আলীর অনুপস্থিতিতে টোকিওতে প্রধানমন্ত্রীর সফরের সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা তদারকি করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। অর্পিত দায়িত্ব পালনে তিনি বুধবার (২২ অক্টোবর) টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সফর শেষ হওয়া পর্যন্ত সেখানেই তিনি অবস্থান করবেন।
সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, `উচ্চপর্যায়ের এই ধরনের সফর সামনে রেখে কোনো রাষ্ট্রদূতকে নিজ দেশে ফেরত আনার ঘটনা বেশ বিরল। সুনির্দিষ্ট কী কারণে তাকে হঠাৎ ডেকে পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয়।'
