সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার। উৎসবের চতুর্থ এই তিথি আনন্দ, ভক্তি ও দেবীর বিদায়ের সূচনার এক বিশেষ দিন। এই উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে পূজা, অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।
আজ নবমী হোমসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হচ্ছে। সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হবে দেবীর মহাআরতি।
সনাতন শাস্ত্র অনুযায়ী, সন্ধিপূজার মধ্য দিয়ে অষ্টমী তিথির অবসান ও নবমী তিথির সূচনা হয়। এই সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিট মিলিয়ে মোট ৪৮ মিনিট ধরে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক এই সন্ধিপূজা।
রীতি অনুযায়ী, ১০৮টি প্রদীপ প্রজ্বালন এবং ১০৮টি পদ্মফুল নিবেদনের মাধ্যমে দেবী দুর্গার বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।
পুরাণের বর্ণনা অনুযায়ী, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চণ্ড, মুণ্ড ও বিভিন্ন অসুরকে বধ করেছিলেন।
আজ মহানবমীর অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণের আনুষ্ঠানিকতা শেষে মণ্ডপে মণ্ডপে ভক্তদের হৃদয়ে বেজে উঠবে বিষাদের সুর।
গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এবারের দুর্গোৎসব আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
