মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। নিহত ও আহতদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের বরাতে জানিয়েছে আরব নিউজ।
সংবাদসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে দুমড়েমুচড়ে যাওয়া যানবাহন ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে কর্তৃপক্ষ। বাসের সামনের পুরো অংশটি সংঘর্ষে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনাস্থলে রাস্তার পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।
আল-আহরাম জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে গিজার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিসরে বেপরোয়া গতি, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং সড়ক আইন প্রয়োগে শিথিলতার কারণে প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ ২২ জন নিহত হন। আর আগস্টে উত্তর মিসরে কৃষি শ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছিল।
