সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে বাঁচা-মরার ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। শারজাহতে গ্রুপ পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান। বর্তমানে ১ জয় ও +৩.১৬০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে রশিদ খানদের দল। বিপরীতে, ১ জয় ও ১ হারে -০.৫৯০ রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তালিকার তলানিতে আছে বাংলাদেশ।
বাংলাদেশকে ফাইনালে উঠতে হলে কেবল জয় পেলেই চলবে না, মেলাতে হবে নেট রান রেটের জটিল হিসাবও। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে জিম্বাবুয়েকে টপকে ফাইনালের টিকিট পাওয়ার সুযোগ তৈরি হবে লাল-সবুজ প্রতিনিধিদের।
আজ বাংলাদেশ দল আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানের জয় পেতে হবে। আর রান তাড়া করলে লক্ষ্য অনুসারে নির্দিষ্ট ওভারের মধ্যে জয় নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। যেমন—২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভার, ২২০ রানে ৪০.৫ ওভার, ২৪০ রানে ৪১.১ ওভার এবং ২৫০ রানের লক্ষ্য হলে ৪১.৩ ওভারের মধ্যে জিততে হবে টাইগারদের। লক্ষ্য আরও বেশি হলে—২৬০ রানে ৪১.৪ ওভার, ২৭০ রানে ৪১.৫ ওভার, ২৮০ রানে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে হলে সর্বোচ্চ ৪২.২ ওভার পর্যন্ত সময় পাবে বাংলাদেশ।
ওয়ানডেতে এখন পর্যন্ত মুখোমুখি হওয়া ২২ ম্যাচের মধ্যে দুদলই ১১টি করে জয় পেয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে চিত্রটি ভিন্ন; শেষ ছয়টি মুখোমুখি লড়াইয়ের পাঁচটিতেই শেষ হাসি হেসেছে আফগানিস্তান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত/মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, জিয়া-উর-রহমান শরিফি, ফজল হক ফারুকি ও ইয়ামিন আহমদজাই।
