মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কার্যকর হয়েছে। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপন মঙ্গলবার (২০ অক্টোবর) সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এবং এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রধানমন্ত্রী তার সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।
রাজধানীর গেন্ডারিয়ায় একটি মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাক হোসেনের অংশ নেওয়াকে কেন্দ্র করে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। গত শনিবার (১৭ অক্টোবর) ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র হাতে তার উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
ঘটনার পরদিন রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইশরাকের আলোচনা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দেন। তবে সোমবারের সংবাদ সম্মেলনে ইশরাক নিজের সিদ্ধান্তকে স্বেচ্ছায় নেওয়া পদক্ষেপ হিসেবে তুলে ধরেন।
ইশরাক বলেন, মাদকবিরোধী অভিযানের উদ্দেশ্য ছিল মাদক নির্মূল করা। কিন্তু অভিযান নিয়ে বিতর্কের কারণে সরকারের কর্মকাণ্ড আড়ালে পড়ে যাচ্ছে এবং দল বিব্রত হচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
তিনি আরও জানান, প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ চালিয়ে যাবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন ইশরাক হোসেন। পরে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পদত্যাগের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে মন্ত্রিসভায় তার দায়িত্বের আনুষ্ঠানিক অবসান হলো।
বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন আহমেদ আযম খান। ইশরাকের পদত্যাগের মধ্য দিয়ে সেখানে প্রতিমন্ত্রীর পদটি শূন্য হলো। এর ফলে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কমে দাঁড়াল ২৩ জনে। বর্তমানে মন্ত্রিসভায় মোট ২৬ জন মন্ত্রী রয়েছেন।
