আগস্ট ১৩, ২০২৬
Busimess

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গুরুতর আহত ‘রাজু বাহাদুর’সহ দুটি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ৬ আগস্ট রাতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে একটি হাতি মারা যায়। এর পরদিন ৭ আগস্ট সকালে হাতিশালায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী রাজু বাহাদুর।

গতকাল বুধবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।

পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা অবস্থায় ছিল রাজু বাহাদুর। ওই সময় ‘জয়িতা’ নামের চার বছর বয়সী অপর একটি হাতি তার ওপর হামলা চালায়। এতে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। গুরুতর আহত হাতিটির চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরবর্তীতে চিকিৎসার গুণগত মান বাড়াতে গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল আনা হয় এবং শ্রীলঙ্কার চিকিৎসকদের থেকেও পরামর্শ নেওয়া হয়। দেশের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের নিয়মিত তত্ত্বাবধানে রাজু বাহাদুরের চিকিৎসা চলছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গত ৭ আগস্ট সকালে হাতিশালায় তার মৃত্যু হয়।

এদিকে, রাজু বাহাদুরের মৃত্যুর আগের দিন অর্থাৎ ৬ আগস্ট রাতে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকা অপর একটি হাতি মারা যায়। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, হাতি দুটির মৃত্যুর কারণ নিশ্চিত হতে তাদের মরদেহের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরবর্তীতে নিয়মানুযায়ী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সাফারি পার্কের ভেতরেই হাতি দুটিকে মাটিচাপা দেওয়া হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে রাজু বাহাদুরকে উদ্ধার করা হয়েছিল। উদ্ধারের সময় তার বয়স ছিল ৯ বছর। পরে তাকে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় এনে পুনর্বাসন করা হয়। রাজু বাহাদুরসহ এই দুটি হাতির মৃত্যুর পর সাফারি পার্কে বর্তমানে হাতির সংখ্যা কমে দাঁড়িয়েছে আটটিতে।