দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন কমিটিতে হুমায়ুন আহমেদ তালুকদারকে সভাপতি এবং মোহাম্মদ সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের নিয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নতুন কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা ছাড়াও সিনিয়র সহসভাপতি ডা. আবু হানিফ, সহসভাপতি মাওলানা আকাইদ হোসাইন, সহসভাপতি মাওলানা হাফেজ আবু হানিফ, দপ্তর সম্পাদক মো. হাফিজুল ইসলাম, সহদপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম ও শ্রমবিষয়ক সম্পাদক সাইদুর রহমান শাহিনসহ কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সভায় হুমায়ুন আহমেদ তালুকদার বলেন, ২০১৩ সালে বিএনপির সমর্থিত সহযোগী সংগঠন হিসেবে নবীন দলের আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাঁরা দুঃসময়ের নানা অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঢাকাসহ সারা দেশে তাঁরা ব্যাপক ভূমিকা রেখেছেন এবং বিএনপির প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
নতুন সভাপতি আরও বলেন, আগামী দিনেও গণতান্ত্রিক সরকারের সব কর্মসূচিতে তাঁরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন কমিটির নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতারা।
