চলতি বছর দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়ংকর রূপ নিয়েছে। এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ৪৪২ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩০৭ জন।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ১৬৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও চারজনের।
মৃত্যু বেশি নারীদের, সেপ্টেম্বরে সর্বোচ্চ প্রাণহানি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৩০৭ জনের মধ্যে নারীর সংখ্যাই বেশি। মোট মৃত্যুর ৫১ দশমিক ৩ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৭ শতাংশ পুরুষ।
মাসভিত্তিক মৃত্যু পর্যালোচনায় দেখা যায়, বছরের প্রথম দিকে ডেঙ্গুর প্রকোপ কম থাকলেও বর্ষা মৌসুমের পর তা মারাত্মক আকার ধারণ করে। গত সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি অক্টোবরের প্রথম ১২ দিনেই মারা গেছেন ৬২ জন। এর আগে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান। তবে মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর রেকর্ড রয়েছে গত ৬ অক্টোবর।
ঢাকার বাইরেও বাড়ছে মৃত্যুর মিছিল
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে, ৮৪ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে মারা গেছেন ৩৬ জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৭ জনের মৃত্যু হয়েছে।
ঢাকার বাইরেও ডেঙ্গুর প্রকোপ এবার বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভাগের হিসাব অনুযায়ী খুলনায় ৬৩ জন, চট্টগ্রামে ২৭, বরিশালে ২৬, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ২২, রংপুরে ৬ এবং সিলেটে ৩ জন রোগীর মৃত্যু হয়েছে।
সেপ্টেম্বর-অক্টোবরেই সর্বোচ্চ রোগী
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির মাসভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে, ৪৩ হাজার ৭৭৪ জন। আর চলতি অক্টোবরের প্রথম ১২ দিনে ভর্তি হয়েছেন ২১ হাজার ৮২২ জন।
এর আগে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রোগী ভর্তির সংখ্যা বেশ কম ছিল। পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জন ভর্তি হন। তবে জুন মাস থেকে এ সংখ্যা বাড়তে শুরু করে। জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ৯৫ হাজার ৩৩১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
