ইংল্যান্ডের দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে সফলভাবে ব্যারিস্টারি সম্পন্ন করেছেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ছফওয়ান। তিনি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের গনমান গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুল হালিম আখুন্দের ছোট ছেলে।
মোহাম্মদ ছফওয়ানের ব্যারিস্টারি অর্জনের খবরে তার নিজ এলাকা নেছারাবাদে আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয়রা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তরুণ প্রজন্মের জন্য তাঁর এই সাফল্য অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন এলাকাবাসী।
মেধাবী এই আইনজ্ঞ ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা থেকে ২০০৩ সালে দাখিল ও ২০০৫ সালে আলিম পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০০৯ সালে স্নাতক (অনার্স) ও ২০১০ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে উচ্চতর আইনি শিক্ষার উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্যে যান এবং লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০০৫-০৬ সালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং বাংলাদেশ আইন সমিতির সহ-সাধারণ সম্পাদক।
গত ২০২৪ সালের ২৮ আগস্ট মোহাম্মদ ছফওয়ানকে বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
