রাজধানীর গুলশানে ‘অননুমোদিত’ গুদামে বন্ড সুবিধায় আনা শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে গুলশান-১ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযান দল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউস হিসেবে অনুমোদিত ও ঘোষিত জায়গা ছিল মাত্র দুটি। কিন্তু সরেজমিনে গিয়ে অনুমোদিত সীমার বাইরে আরও দুটি অতিরিক্ত অননুমোদিত ওয়্যারহাউসে অবৈধভাবে পণ্য মজুত অবস্থায় পাওয়া যায়।
বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত (ডিউটি-ফ্রি) পণ্য যাতে অননুমোদিত স্থান থেকে সরিয়ে ফেলা না যায় এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা সম্ভব হয়—সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটির অনুমোদিত ও অননুমোদিত মিলিয়ে চারটি ওয়্যারহাউসই সিলগালা করে দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম চলছে। তথ্যপ্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
